খুলনা বিভাগে চিকিত্সকসহ ১১২ জন করোনায় আক্রান্ত

খুলনা অফিস

খুলনা বিভাগের ১০ জেলায় মঙ্গলবার পর্যন্ত চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীসহ ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে ও চার জন সুস্থ হয়েছেন। এছাড়া সাত জন হাসপাতালে ও বাকিরা হোম কোয়ারেন্টাইনে চিকিত্সাধীন রয়েছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা খানম বলেন, খুলনা বিভাগে  কোভিড-১৯ করোনা আক্রান্তের সংখ্যা ১১২ জন।  এর মধ্যে সবচয়ে বেশি যশোর জেলায়। সেখানে আক্রান্ত হয়েছেন ৪৪ জন। এর পরই ঝিনাইদহে ২১ জন,  নড়াইলে ১৩ জন, কুষ্টিয়ায় ১১ জন, খুলনায় ৯ জন, চুয়াডাঙ্গায় সাত জন, মাগুরায় চার জন, মেহেরপুরে দুই জন ও বাগেরহাটে একজন রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪১ জন চিকিত্সক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। খুলনা বিভাগের খুলনা, যশোর ও কুষ্টিয়ায় পিসিআর মেশিনের মাধ্যমে করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।

পাবনা প্রতিনিধি জানান, পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিত্সক, সিনিয়র নার্স এবং চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন ছয় জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল আট। পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকালে আসা রিপোর্টে তাদের শরীরের করোনা ভাইরাস পজেটিভ আসে।

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে করোনায় আরো একজন চিকিত্সক, দুজন স্বাস্থ্যকর্মীসহ মোট সাত জন আক্রান্ত হয়েছেন। সোমবার  দুই দফায় রিপোর্ট অনুযায়ী জামালপুর সদর উপজেলায় তিন জন, সরিষাবাড়ী উপজেলায় তিন জন এবং মাদারগঞ্জ উপজেলায় একজন চিকিত্সকসহ মোট আক্রান্ত হয়েছেন সাত জন। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান।

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিত্সক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় আক্রান্তদের চিকিত্সায় সম্পৃক্ত থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক-নার্সসহ কয়েক জন স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। সোমবার রাতে এর কিছু ফলাফল আসে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক বিশেষজ্ঞ চিকিত্সকের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এখন পর্যন্ত তার কোনো উপসর্গ দেখা দেয়নি। তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা জানান, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিত্সকের করোনা শনাক্ত হয়েছে। আইইডিসিআর থেকে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। চিকিত্সা নিতে আসা কোনো রোগীর মাধ্যমে ঐ চিকিত্সক করোনা আক্রান্ত হয়েছেন বলে সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানিয়েছেন। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ চিকিত্সকসহ ২৫ স্টাফকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।