এমপি নিক্সন চৌধুরীর হটলাইনে এলাকায় স্বস্তি
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর জন্য হটলাইন চালু করায় এলাকায় স্বস্তি বিরাজ করছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যখন সবকিছু অচল অবস্থায় তখন নিম্ন আয়ের মানুষ ছাড়াও নিম্নমধ্যবিত্তরা সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। বিশেষ করে নিম্নমধ্যবিত্তরা পড়েছে মহাসংকটে। তারা না পারছে হাত পেতে কিছু নিতে না পারছে সংসারের বোঝা বইতে। এসব নিম্নমধ্যবিত্তের জন্য এমপি নিক্সন চৌধুরী হটলাইন চালু করেছেন। হটলাইনে ফোন দিলেই এমপির প্রতিনিধিরা সংশ্লিষ্ট বাড়িতে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রীসহ স্যানিটাইজার সামগ্রী। গতকাল মঙ্গলবার সকাল থেকে ভাঙ্গা উপজেলা পৌরসদরসহ ১২টি ইউনিয়নে চলছে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কর্মকাণ্ড।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান জানান, করোনা ভাইরাস শুরুর প্রথম থেকেই আমাদের নেতা ফরিদপুর-৪ আসনের তথা ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন থানার সকল জনগণের খোঁজ খবর নিচ্ছেন। তিন উপজেলার অসহায় হতদরিদ্রদের নিয়মিত ত্রাণ বিতরণসহ নগদ টাকা দিয়ে আসছেন তিনি। এখন আমাদের নেতা নিম্নমধ্যবিত্তদের জন্য একটি হটলাইন চালু করেছেন। সেখানে যারা হাত পেতে নিতে লজ্জা পায় তারা শুধু ফোন করলেই আমাদের প্রতিনিধিরা বিভিন্ন সামগ্রী তাদের ঘরে পৌঁছে দেবে। হটলাইনের প্রতিনিধি ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হেদায়েতউল্লাহ জানায়, ‘মঙ্গলবার প্রথম দিনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমরা সারাদিনে ৪৭টি পরিবারের কাছে খাদ্য ও স্যানিটাইজার সামগ্রী পৌঁছে দিয়েছি।’
বিষয়টি নিয়ে ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরীর সঙ্গে স্থানীয় সংবাদিকর্মীগণ যোগাযোগ করলে তিনি বলেন, ‘অনেক বড়ো আশা নিয়ে ফরিদপুর-৪ আসনের জনগণ আমাকে তাদের নেতা বানিয়েছে। শুরু থেকেই আমি জনগণের পাশে ছিলাম, যতদিন বেঁচে থাকব আমি জনগণের পাশেই থাকব।’