কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মেডিক্যাল কলেজের (কুমেক) মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত রিয়েল টাইম পলিমার চেইন রি-অ্যাকশন (আরটি-পিসিআর) মেশিনে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা চূড়ান্তভাবে আজ বুধবার থেকে শুরু হচ্ছে।
সোমবার দুপুরে কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন আরটি-পিসিআর ল্যাবের উদ্বোধন করেন।
মঙ্গলবার কুমেকের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কান্তি প্রিয় দাশ জানান, এই ল্যাবে দুই শিফটে পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষায় ৫ ঘণ্টা (এক শিফট) করে সময় লাগে। প্রতি শিফটে একসঙ্গে ৯৬টি পরীক্ষা করা যাবে। এই হিসেবে এখানে প্রতিদিন করোনা ভাইরাসের ১৯২টি নমুনা পরীক্ষা করা যাবে।
কুমেক অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ জানান, সোমবার ল্যাবের উদ্বোধন হলেও বুধবার (আজ) থেকে চূড়ান্তভাবে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হচ্ছে। করোনা ভাইরাস নমুনা সংগ্রহ করে এখানেই দিনে দিনে পরীক্ষা করা হবে। তবে ফলাফল এখানে দেওয়া হবে না। প্রতিদিনের ফলাফল ঢাকা পাঠানো হবে। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে ফল প্রকাশ করা হবে।
কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান জানান, শিগগিরই ৫০০ শয্যার এ হাসপাতালের আইসিইউ বিভাগে কিছু যন্ত্রপাতি স্থাপন করা হবে এবং ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে।