শিবচরে প্রাইভেট পড়তে গিয়ে শিশু ধর্ষণের শিকার

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের শিবচরে প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে দ্বিতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থী। সোমবার বিকালে পূর্ব সন্ন্যাসিরচর ইউনিয়নের আদুখার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। রাতে ধর্ষণের শিকার শিশুকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব সন্ন্যাসিরচর ইউনিয়নের আদুখার কান্দি গ্রামের দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী পাশের বাড়ির শিক্ষক আবু সাঈদের কাছে প্রাইভেট পড়তে যায়। ঐ সময় আবু সাঈদ নামাজ পড়তে মসজিদে গেলে তার ছোটো ভাই সাব্বির হোসেন শেখ (১৭) ঘর খালি পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করে। সাব্বির হোসেন শেখ পূর্ব সন্ন্যাসিরচর ইউনিয়নের আদু খার কান্দি গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. নাহিদা আফরোজ জানান, সন্ধ্যার পরে স্কুলছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে তাকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মেয়েটিকে রাতেই সরকারি হাসপাতালে পাঠিয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।