নির্বোধ বললেন রমিজ রাজা অনুতপ্ত নন উমর আকমল

স্পোর্টস রিপোর্টার

প্রায় একই ধরনের অপরাধ করে সম্প্রতি দুই পাকিস্তানি ক্রিকেটার এর চেয়ে অনেক কম শাস্তি পেয়েছেন। উমর আকমল তাই তিন বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় অনেকেই অবাক হয়েছেন। পিসিবির আইনজীবী জানিয়েছেন, নিজের অপরাধকে নানাভাবে যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করার চেষ্টায় এই শাস্তিটা বেশি হয়েছে।

দুই দুই বার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা কর্তৃপক্ষকে না জানানোয় তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন উমর। তার শাস্তি শেষে পিসিবির কৌঁসুলি তাফাজ্জল রিজভি বলেছেন, শুনানিতে আকমলকে নিজের ভুলের জন্য অনুতপ্ত মনে হয়নি।

তিনি বলেন, ‘সে ক্রমাগত নিজের ভুলের পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করে গেছে। তার কথাবার্তা ছিল পুরো বিভ্রান্তিকর। নিজের অবস্থান মেনে নিচ্ছিল না, আবার অস্বীকারও করছিল না। অভিযোগগুলো স্বীকার করছিল সে, কিন্তু ভুলের পক্ষে হাস্যকর যুক্তি দিয়ে যাচ্ছিল। ভুল স্বীকার করে নিলে তো সেটি পুরোপুরি মেনে নিতে হবে এবং ট্রাইব্যুনালের বিবেচনার ওপর ছেড়ে দিতে হবে।’

পিসিবির এই কৌঁসুলি আরো বলেন, ‘দুর্নীতিবিরোধী ধারায় নিজের চাওয়া বা সুবিধা-অসুবিধার কোনো ব্যাপার নেই। হয় রিপোর্ট করেছে বা করেনি, মাঝামাঝি কিছু নেই।’

এদিকে উমর আকমলের এই কাণ্ডকে হাস্যকর নির্বোধের কাণ্ড বলে মনে করছেন সাবেক ক্রিকেটার রমিজ রাজা। তিনি বলেছেন, ‘উমর এ ঘটনার ভেতর দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বোধ প্রমাণিত হয়েছেন, উমর আকমল আনুষ্ঠানিকভাবে নির্বোধের তালিকায় জায়গা করে নিল! তিন বছর নিষিদ্ধ। প্রতিভার কী নিদারুণ অপচয়! ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে পাকিস্তানে আইন পাশের সেরা সময় এখন।’