স্পোর্টস ডেস্ক
সময়ের সেরাদের একজন তিনি। ডেথ ওভারে তার জুড়ি মেলা ভার। তবে ক্যারিয়ারের শুরুতে ভারতের জাসপ্রিত বুমরাহকে অনেকেই নাকি বলেছিলেন যে, তার দৌড় বেশিদূর নয়। তাই হতাশ হয়ে পড়েছিলেন এই ক্রিকেটার। করোনা ভাইরাসের প্রকোপে বন্দি জীবনে ইনস্টাগ্রামে এক ভিডিও কনফারেন্সে তিনি বলেন,‘আমার অ্যাকশনের কারণে অনেকেই বলেছিল বেশিদিন টিকতে পারব না। কেউ কেউ বলেছিল দেশের হয়ে কোনোদিনই খেলতে পারব না। তারা বলছিল আমি সর্বোচ্চ রঞ্জি ট্রফি পর্যন্ত খেলতে পারি। তাই, খুব হতাশ হয়ে পড়েছিলাম।’ তবে হতাশা ভুলে নিজের অ্যাকশন না পালটে ক্রমাগত উন্নতি করার চেষ্টা করে গেছেন। সাফল্য ধরা দিয়েছে তাতেই। বুমরাহ বলেন, ‘আমি আমার নিজের অ্যাকশনেই থেকেছি, ক্রমেই উন্নতির রাস্তা দেখেছি।’
২৬ বছর বয়সি বুমরাহ এখন পর্যন্ত মাত্র ১৪ টেস্ট খেলে ২০ দশমিক ৩৩ গড়ে ৬৮ উইকেট নিয়েছেন। ৬৪ ওয়ানডেতে উইকেট নিয়েছেন ১০৪টি। আর ৫০ টি-টোয়েন্টিতে ৫৯ উইকেট নিয়েছেন। ওয়ানডে র্যাংকিংয়ে তিনি দ্বিতীয় সেরা বোলার। আর টেস্টে তিনি আছেন সাত নম্বরে।