শ্রীলঙ্কায় আটকে পড়েছেন পাকিস্তানি ১২ ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের কারণে কার্যত অচল গোটা বিশ্ব। ভাইরাসের ছড়িয়ে পড়া থামাতে বিভিন্ন দেশে চলছে লকডাউন। করোনার এই কঠিন সময়ে শ্রীলঙ্কায় আটকে পড়েছেন পাকিস্তানের ১৫ খেলোয়াড়। যাদের মধ্যে রয়েছেন ১২ জন প্রথম শ্রেণির ক্রিকেটার ও তিন জন টেনিস খেলোয়াড়।

মূলত ইংল্যান্ডে ওয়ার্ক পারমিট পাওয়া, লিগ খেলতে যাওয়ার আগে বাড়তি আয়ের জন্য গত ডিসেম্বরে শ্রীলঙ্কায় প্রথম শ্রেণির ক্রিকেট ও ওয়ানডে খেলতে যান ঐ পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু করোনার কারণে হুট করে লকডাউন ঘোষণা করায় কলম্বোয় আটকে পড়েছেন তারা।

আটকে-পড়া ক্রিকেটারদের মধ্যে আছেন : আজহার আত্তারি, আবিদ হাসানরা। দুজনেই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত মুখ। আবিদ-আজহাররা এখন দেশে ফিরতে উন্মুখ। কলম্বোয় পাকিস্তান হাইকমিশনের কাছে অনুরোধ করেছেন, চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে নিতে।

আবিদ হাসান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘স্থানীয় ক্লাবের পক্ষ থেকে থাকার ব্যবস্থা করে  দেওয়া হয়েছে। তবে বাকি সব খরচ বহন করতে হচ্ছে নিজেদের। লকডাউনের কারণে  কোনো আয় নেই। নিজেদের সব খরচ নিজেরাই চালাতে গিয়ে হাতও খালি হয়ে গেছে।’