ঘরোয়া ফুটবল মৌসুম শেষ করা নিয়ে লিগ কর্তৃপক্ষদের পরিকল্পনা কী সেটা জানানোর জন্যে লিগগুলোকে সময় বেঁধে দিয়েছে উয়েফা। নিজেদের পরিকল্পনা উয়েফাকে জানাতে হবে আগামী ২৫ মের আগে। গতকাল লিগগুলোকে দেওয়া এক চিঠিতে উয়েফা জানায়, ফুটবল আবার মাঠে গড়ালে কোন্ ফরম্যাটে হবে লিগ এবং ফেরার তারিখ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে সেখানে। মৌসুম বাতিল হলে সেটাও যথোপযুক্ত কারণসহ জানাতে হবে উয়েফাকে। এরই মধ্যে ডাচ লিগ ও বেলজিয়ান লিগ সমাপ্ত ঘোষিত হয়েছে। এর মধ্যে ডাচ লিগ শেষ হয়েছে চ্যাম্পিয়ন ঘোষণা করা ছাড়াই। তবে এ পথে না হাঁটতে মরিয়া চেষ্টাই চালাচ্ছে ইংলিশ, স্প্যানিশ, ইতালিয়ানসহ ইউরোপীয় শীর্ষ লিগগুলো।