জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আট চিকিত্সকসহ ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় হাসপাতালের তিনটি ওয়ার্ড বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন জানান, ২৯ জন করোনা সংক্রমণের কারণে হাসপাতালের আরো ২৯ নার্স এবং ১৬ থেকে ১৯ জন চিকিত্সক কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনি বলেন, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিত্সাকেন্দ্র হওয়ায় হাসপাতালটিকে লকডাউন করা হয়নি। চিকিত্সাসেবা চালু রাখা হয়েছে।
জানা গেছে, আক্রান্তের মধ্যে আট জন চিকিত্সক, দুই জন ওয়ার্ড মাস্টার, দুই জন ওয়ার্ড বয় এবং ১৫ জন নার্স। এ হাসপাতালে ১০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর চিকিত্সকসহ অন্যদের টেস্ট করানো হয়। এ পরীক্ষার পরেই পর্যায়ক্রমে গতকাল মঙ্গলবার পর্যন্ত ২৯ জনের ফলাফল পজিটিভ এসেছে। এ হাসপাতালের আরো বেশকিছু স্বাস্থ্যকর্মীর স্যাম্পল পাঠানো হয়েছে। সেগুলোর ফলাফল এলে পরবর্তী অবস্থা জানা যাবে।