ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন বাংলাদেশি ডাক্তারের ছেলে

ব্রিটেনে করোনা ভাইরাসে বাংলাদেশি এক জন চিকিত্সকের মৃত্যুর প্রায় তিন সপ্তাহ পর তার ছেলে সরকারের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করতে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। ১৮ বছর বয়সি ইনতিসার চৌধুরী বিবিসিকে বলেছেন, ক্ষমা চাইলে সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে। তার পিতা আব্দুল মাবুদ চৌধুরী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বা এনএইচসের এক জন চিকিত্সক ছিলেন এবং এপ্রিলের প্রথম সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে মারা যান। খবর বিবিসির

ব্রিটেনে সরকারি হিসেবে অন্তত ৮২ জন এনএইচএস কর্মী ও ১৬ জন কেয়ার ওয়ার্কার করোনা ভাইরাসে মারা গেছেন। ডা. মাবুদ চৌধুরী তার মৃত্যুর আগে স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তাসামগ্রী বা পিপিইর অভাবের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়েছিলেন। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বর্তমান সংকটে ডাক্তার, নার্সসহ ফ্রন্টলাইন কর্মীদের কাজের প্রশংসা করে বলেছেন, সমস্যার সমাধানে তারা সর্বক্ষণ কাজ করে চলেছেন।

ইনতিসার চৌধুরী বলেন, ভাইরাসটি মোকাবিলা করতে গিয়ে যেসব ভুল হয়েছে তা স্বীকার করুন। এটা কোনো দোষ স্বীকার নয়। এতে আপনি আরো বেশি মানবিক হয়ে উঠবেন। গতকাল সংবাদ সম্মেলনে ‘আপনি কি দয়া করে আমার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবেন’ এমন প্রশ্নের জবাবে হ্যানকক বলেছেন, ফ্রন্টলাইনে যারা কাজ করছেন পরিস্থিতি উন্নয়নে তাদের কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ।