নওগাঁ, জামালপুর, কেরাণীগঞ্জে, কুষ্টিয়া, তানোর, নাটোরে নতুন করোনা রোগী শনাক্ত

সারাদেশে বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগী সংখ্যা। এই তালিকায় বাদ যাচ্ছেন না চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। 

আমাদের নওগাঁ প্রতিনিধি জানিয়েছেন, ঢাকায় স্ত্রীর চিকিৎসা নিয়ে ফেরত আসা নওগাঁর সাপাহারে এক যুবকের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে করোনার প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান। তিনি আরও জানান, তার সংস্পর্শে আশা ৬৮ জনকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে।

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে করোনায় ভাইরাসে আরও ছয়জন আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) আক্রান্তদের মধ্যে সিভিল সার্জন, দুইজন চিকিৎসকসহ মোট ছয়জন সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় স্বাস্থ্য বিভাগে সিভিল সার্জনসহ ১০ জন চিকিৎসক এবং ১৪ জন স্বাস্থ্যকর্মীসহ মোট ২৪ জন আক্রান্ত হয়েছেন।। নতুন আক্রান্ত ছয়জনই জামালপুর সদর উপজেলার বাসিন্দা।
আমীন কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা ২৮ এপ্রিল ২০.

ঢাকার কেরানীগঞ্জ সংবাদদাতা জানান, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত আরও নতুন ৮ জন করোনা রোগীর শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ৫ মে থেকে ২৮ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জনে। মঙ্গলবার নতুন করে আক্রান্তরা হলেন- জিনজিরা এলাকায় একজন সহকারী দারোগাসহ তিনজন, শাক্তা এলাকায় নারী স্বাস্থ্যকর্মীসহ দুইজন,  আগানগর এলাকায় স্বামী ও স্ত্রীসহ দুইজন ও শুভাঢ্যা এলাকায় ১৬ বছর বয়সী যুবক একজন। 

আরও পড়ুন: আইসিইউ না পেয়ে রোগীদের করুণ মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানিয়েছেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নতুন করে আরও ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলাতে মোট ৮ জন রোগী সনাক্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়ার সিভিল সার্জন। খবর পেয়ে রাতেই আক্রান্ত এলাকাগুলো লকডাউন করেছেন উপজেলা প্রশাসন।

তানোর (রাজশাহী) সংবাদদাতা জানান, রাজশাহীর তানোরে করোনা ভাইরাসে আক্রান্ত এক যুবক (২০) শনাক্ত হয়েছে। এই উপজেলায় এটাই প্রথম করোনা রোগী বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজি আরা খাতুন। গত ২২ এপ্রিল ওই যুবক ভারত থেকে বাড়ি ফিরে আসে। পরে উপসর্গ দেখা দেওয়ায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন ও পুলিশের সহযোগিতায় তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় নমুনা রিপোর্ট আসে। এতে তানোরের ওই যুবকের কোভিড-১৯ পজিটিভ আসে।

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা জানিয়েছেন, করোনা মুক্ত জেলার তালিকায় থাকা নাটোর জেলায়ও এবার করোনা শনাক্ত হয়েছে। জেলার তিনটি উপজেলায় মোট ৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
নাটোরের সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান মঙ্গলবার রাত দশটার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন বলেন- প্রাথমিকভাবে নাটোর সদরসহ জেলার গুরুদাসপুর ও সিংড়ার মোট ৮ জনের ২২ ও ২৩ এপ্রিলের নমুনা পরীক্ষায় ফলাফল পজেটিভ এসেছে। 

ইত্তেফাক/এসি