রংপুরের তারাগঞ্জ থেকে আজিজুল ইসলাম নামে একব্যক্তি শরীরে করোনা শনাক্তের খবর জেনে বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে এলাকায় অভিযোগ পাওয়া গেছে। এদিকে পরিবারের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তফা জামান চৌধুরী জানিয়েছেন, করোনা শনাক্ত রিপোর্ট বের হওয়ার আগেই সম্ভবত তিনি কর্মস্থল ঢাকায় চলে গেছেন।
হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ বাবুল জানান, আজিজুল ইসলাম বাড়িতে অবস্থান কালীন তার আশেপাশের মানুষদের সঙ্গে মেলামেশা করায় ওই গ্রামের ৭৫টি বাড়ি গত মঙ্গলবার লকডাউন ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: রাস্তা থেকে তুলে নিয়ে বিধবা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ৪
এদিকে তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম জানিয়েছেন, আজিজুল গার্মেন্টেস খোলার খবরে ঢাকার সাভারে তার কর্মস্থলে চলে গেছেন। সাভারের ইউএনওর সঙ্গে কথা বলে খুঁজে বের করে সেখানে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তারাগঞ্জের তিনজনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে আজিজুল ইসলামও ছিলেন।
ইত্তেফাক/এসি