পুরস্কার পেলেন সাউদি-লাথাম

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে খেলাধুলা বন্ধ। নিউজিল্যান্ড করোনামুক্ত হলেও এখনো ক্রিকেট মাঠে গড়ানোর অবস্থা তৈরি হয়নি। করোনার কারণে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পুরস্কার বিতরণী সপ্তাহ আগের মতো জাঁকজমক পূর্ণ হচ্ছে না। অনলাইনে সম্পন্ন হচ্ছে পুরো কার্যক্রম। রস টেলর, কেন উইলিয়ামসনরা বাড়িতে বসেই ভার্চুয়ালি অংশ নিচ্ছেন পুরস্কার বিতরণীতে।

গত মঙ্গলবার প্রথম দিনে নিউজিল্যান্ড ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বার্ট সাটক্লিফ মেডেল পেয়েছিলেন সাত ক্রিকেটার। গতকাল দেওয়া হয় প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা খেলোয়াড়ের পুরস্কার। ব্যাটিং ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন টপঅর্ডার ব্যাটসম্যান টম লাথাম এবং সেরা বোলার নির্বাচিত হয়েছেন টিম সাউদি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে সেরা পারফরমারের পুরস্কার জিতেছেন ডেভন কনওয়ে এবং ক্যাটি গারি।

সাউদি ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪১ উইকেট পেয়েছেন। যার মধ্যে আট ম্যাচেই এসেছে ৪০ উইকেট। লাথাম ৮৭৫ রান করেছিলেন। প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে ২২৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ঐ ম্যাচেই অপরাজিত ৩২৭ রানের ইনিংস খেলেছিলেন ডেভন কনওয়ে। ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহক কনওয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০১, লিস্টে ক্রিকেটে ৫৫৩ এবং টি-২০ তে ৫৪৩ রান করেছেন তিনি। নারী ক্রিকেটে সর্বোচ্চ ৯৯২ রান করে সেরা ব্যাটসম্যান ক্যাটি গারি ও সেরা বোলারের পুরস্কার পান জেস কার।