‘সেপ্টেম্বরের আগে ফুটবল নয়’

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের প্রকোপে ইউরোপিয়ান ফুটবল থমকে আছে, অনেকদিন হতে চললো। তবে পুনরায় খেলা শুরুর জন্য নড়েচড়ে বসেছে লিগ কর্তৃপক্ষগুলো। এর মধ্যেই অনুশীলনের জন্য দিন নির্ধারণ করে দিয়েছে স্পেন ও ইতালি। তবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার চিকিত্সকদের প্রধান কথা বলছেন ভিন্ন সুরে। তার মতে, সেপ্টেম্বরের আগে মাঠে ফুটবল ফেরানোটা বিধ্বংসী সিদ্ধান্ত হবে।

স্কাই স্পোর্টসকে সাম্প্রতিক সময়ে দেওয়া সাক্ষাত্কারে ফিফার মেডিক্যাল দলের প্রধান মাইকেল হজ বলেন, ‘আমার মনে হচ্ছে করোনা ভাইরাসের প্রভাব দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তারপরেও আমাদের একটু ধৈর্য ধরতে হবে। বিশ্ব এখনো পেশাদার ফুটবলের জন্য প্রস্তুত নয়।

লিগগুলো সেপ্টেম্বরের এক তারিখের আগে মাঠে গড়াতে দেওয়াটা ভুল হবে বলে হজ বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সব থেকে ভয়ংকর বাধা। আমরা করোনা ভাইরাসকে ছোটো করে দেখতে পারি না। আমাদের আরো বাস্তববাদী হতে হবে। আর ফুটবল কেবল তখনই মাঠে গড়ানো সম্ভব যখন মানুষের সংস্পর্শে আসা সম্ভব হবে।