করোনার প্রভাবে শেরপুর জেলার জুয়েলারি মালিক ও শ্রমিকদের নাভিশ্বাস

শেরপুর প্রতিনিধি

প্রাণঘাতী করোনার প্রভাবে শেরপুর জেলা সদরসহ পাঁচটি উপজেলার দুই শতাধিক জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক এবং ৪ শতাধিক অলংকারশিল্পীর নাভিশ্বাস অবস্থা। বিশেষত জেলার বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠানে কর্মরত স্বর্ণ ও রৌপ্যের অলংকারশিল্পীরা অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। অপর দিকে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান বন্ধ থাকায় জুয়েলারি মালিকরা তাদের শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ ও আর্থিক সহায়তা করতে পারছেন না। এমনকি দোকান বন্ধ থাকায় জুয়েলারি মালিকদের আয়ের পথও রুদ্ধ হয়ে গেছে। ফলে তাদেরও নগদ অর্থ শূন্যের কোঠায়। এ অবস্থায় এ শিল্পের জন্য সরকারি প্রণোদনা অত্যন্ত প্রয়োজন।

এ ব্যাপারে শেরপুর জুয়েলার্স সমিতির সহসভাপতি মো. শাহ জাহান মিয়া জানান, তারা ইতিমধ্যে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সরকারের কাছে স্থানীয় শ্রমিকদের ত্রাণ সাহায্য এবং স্থানীয় জুয়েলারি মালিকদের জন্য দীর্ঘমেয়াদি সুদবিহীন ঋণ দেওয়ার আবেদন করেছেন। এ আবেদনে অনতি বিলম্বে সাড়া না দিলে জেলার স্বর্ণশিল্প ও এর সঙ্গে জড়িত সহস্রাধিক মানুষের জন্য দুর্ভিক্ষের মতো বিপর্যয় নেমে আসবে তিনি মন্তব্য করেন।