ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবিলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) বিভিন্ন সহযোগী সংস্থা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সরকার-নির্দেশিত অত্যাবশ্যক স্বাস্থ্যবিধি মেনে এইসব সংস্থা সংকটপীড়িত মানুষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছে। সহযোগী সংস্থাসমূহ নিজস্ব উদ্যোগে ইতিমধ্যে প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছে। পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ (প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার জন্য নির্দিষ্ট করা হয়েছে। সংস্থাগুলো ১ লাখ ৩৪ হাজারেরও বেশি পরিবারের মধ্যে প্রায় সাড়ে ৮ কোটি টাকার জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
এপর্যন্ত সংস্থাগুলো প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে জরুরি স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী (পিপিই) যেমন—হ্যান্ড গ্লাভস, সাবান, স্যানিটাইজার, মাস্ক বিভিন্ন ব্যক্তি ও সেবাপ্রদানকারীদের মধ্যে বিতরণ করেছে। এছাড়া, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের তহবিলে করোনা আক্রান্তদের সাহায্যার্থে প্রায় ২ কোটি ৭ লাখ টাকা নগদ প্রদান করা হয়েছে। আক্রান্তদের চিকিত্সা-পরামর্শ প্রদানের লক্ষ্যে কিছু সংস্থা তাদের নিজস্ব ডাক্তার ও নার্সের সমন্বয়ে টিম গঠন করে স্বাস্থ্যসেবা প্রদান করছে। তাছাড়া, কয়েকটি সংস্থা তাদের অফিস/গেস্ট হাউজ/ট্রেনিং সেন্টারে ডাক্তার ও নার্সদের আবাসনের বন্দোবস্ত করেছে।