আক্রান্তদের প্লাজমা দিচ্ছেন তাবলিগ সদস্যরা

ভারতে করোনা

ভাইরাস পরিস্থিতি

বিবিসি

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণের জন্য যে তাবলিগ জামাতের সদস্যদের দায়ী করা হচ্ছিল, এবার তারাই এ ভাইরাস আক্রান্তদের চিকিত্সায় সহায়তা করতে এগিয়ে এসেছেন। রাজধানী দিল্লিতে কোভিড-১৯ থেকে সেরে ওঠা কয়েকজন তাবলিগ জামাত সদস্য করোনা ভাইরাস আক্রান্তদের চিকিত্সায় প্লাজমা দিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া আরো প্রায় ৩০০ থেকে ৪০০ জনের প্লাজমা দেওয়ার কথা রয়েছে।

যে ১০ জন তাবলিগ সদস্য প্লাজমা দিয়েছেন, তাদের মধ্যে ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্য থেকে ফারুকও একজন। বিবিসিকে তিনি বলেন, ‘আমাদের মধ্যে কিছু মানুষের করোনা ভাইরাস পজিটিভ আসার পর সংবাদমাধ্যমে আমাদেরকে হেয় করা হয়েছে। কিন্তু আল্লাহর ওয়াস্তে এতে (প্লাজমা দান) আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে।’

দিল্লির নিজামুদ্দিন এলাকার একটি মসজিদের তাবলিগ জামাতে যোগ দেওয়া বেশ কয়েকজনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতে বেড়ে গিয়েছিল মুসলিম বিদ্বেষ। ৮ থেকে ১০ মার্চ পর্যন্ত মসজিদটিতে বড়ো ধরনের ঐ জমায়েতে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে খুঁজে বের করতে রাজ্যগুলোকে নির্দেশ দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাবলিগ সদস্যদের বিরুদ্ধে করোনা ভাইরাস ছড়ানোর অভিযোগ ওঠে।

প্লাজমা দান করে আনাস সৈয়দ নামের একজন বলেন, ‘সবাই আমাদেরকে দোষারোপ করায় আমরা কয়েক সপ্তাহ খুবই কঠিন সময়ের মধ্যে ছিলাম। এরপর মওলানার কাছ থেকে প্লাজমা দেওয়ার আহ্বান এলে আমরা স্বেচ্ছায় তা দেওয়ার সিদ্ধান্ত নেই।’ স্বেচ্ছায় প্লাজমা দানের প্রচারের অগ্রভাগে থাকা চিকিত্সক সোয়েব আলি বলেন, কেবল দিল্লিতেই আগামী কয়েকদিনে প্লাজমা দেবেন সেরে ওঠা ৩০০ থেকে ৪০০ তাবলিগ জামাত সদস্য। নাগরিক হিসেবে নিজ দায়িত্ববোধ থেকেই তারা প্লাজমা দিচ্ছেন।

দিল্লির স্বাস্থ্য বিভাগ বলছে, প্লাজমা সংগ্রহ করে গুরুতর অসুস্থ রোগীদের চিকিত্সা করা হবে। কিছুদিন ধরেই ভারতের কয়েকটি রাজ্যের হাসপাতালে পরীক্ষামূলকভাবে প্লাজমা থেরাপি শুরু হয়েছে। এতে কয়েকজন সুস্থও হয়ে উঠেছেন বলে শোনা  গেছে।