করোনা :উগান্ডায় সাংসদরা নিজেদেরকে অর্থ বরাদ্দ দেওয়ায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট

বিবিসি

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে নিজেদের জন্য ১ হাজার কোটি উগান্ডান শিলিং (২৬ লাখ মার্কিন ডলার) বরাদ্দ করায় উগান্ডার সাংসদদের ওপর ক্ষোভ ঝেড়েছেন দেশটির প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি। প্রেসিডেন্ট বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তৈরি কমিটির জন্য বরাদ্দ না করে নিজেদের জন্য অর্থ বরাদ্দ করা ‘নৈতিকভাবে নিন্দনীয়’।

বরাদ্দ করা অর্থ খরচ করে এরই মধ্যে যেসব সাংসদ তাদের নির্বাচনি এলাকার জন্য ত্রাণ কিনেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য প্রধান হিসাব নিরীক্ষকের কাছে চিঠি লিখবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মুসেভেনি। প্রেসিডেন্ট এরই মধ্যে নির্দেশ দিয়েছেন যেন ব্যক্তি উদ্যোগে কোনো ত্রাণ বিতরণ করা না হয়। পাশাপাশি যারা সাহায্য করতে চান তাদের জেলাভিত্তিক টাস্কফোর্সের কাছে সাহায্য উপকরণ পৌঁছে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহেই ব্যক্তিগতভাবে ত্রাণ বিতরণ করার সময় উগান্ডার বিরোধীদলীয় এক সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়।

সংক্রমণ ঠেকানোর উদ্দেশ্যে কেনিয়া থেকে উগান্ডায় প্রবেশ করা ট্রাকের চালকদের জন্যও নতুন নির্দেশনা জারি করেছেন প্রেসিডেন্ট মুসেভেনি। নতুন নিয়ম অনুযায়ী, কেনিয়া থেকে উগান্ডায় প্রবেশ করা কোনো ট্রাকযাত্রী পরিবহন করতে পারবেন না এবং চালক হোটেলে বা কারো বাসায় থাকতে পারবেন না।