ভালুকায় চালু হলো শতাধিক কারখানা!

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা 

ময়মনসিংহের ভালুকায় প্রায় শতাধিক কারখানা চালু হয়েছে। গত রবিবার  থেকে এসব কারখানার শ্রমিকরা কাজে যোগদান শুরু করেছে। এরই মধ্যে টেক্সটাইল, নিট, কটন, স্যুয়েটার ফ্যাক্টরিসহ প্রায় শতাধিক কারখানা তাদের কার্যক্রম চালু করেছে। কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে তারা উত্তরাঞ্চল থেকে এসেছেন। তবে এসব শ্রমিক নিজেদের নাম, পরিচয় জানাতে চাননি।  কিছু কিছু কারখানায় হ্যান্ড স্যানিটাইজার গেটের দারোয়ানরা শ্রমিকদের হাতে হাতে দিচ্ছে এবং স্প্রে করছে। অনেক শ্রমিক আবার এসব না মেনেই কারখানার  ভেতরে ঢুকে পড়ছেন। স্থানীয় টিএম টেক্সটাইল লিমিটেডের নির্বাহী পরিচালক দুর্জয় জানান, ২৬ তারিখে আমরা কারখানা খুলছি। আমরা স্বাস্থ্যবিধি মেনে কারখানার কার্যক্রম চালাচ্ছি। প্রত্যেক শ্রমিককে তাপমাত্রা মেপে ও  হাত ধুয়ে এবং স্প্রে করে কারখানায় প্রবেশ করতে হচ্ছে। আমরা বিজিএমই-এর পরামর্শে দূরের শ্রমিক না এনে কাছাকাছি বাড়ি যাদের তাদের এনে কার্যক্রম চালাচ্ছি। বর্তমানে আমরা ৩০ শতাংশ শ্রমিক দিয়ে কাজ চালাচ্ছি। তিনি আরো জানান, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের যত পরামর্শ সব মেনে চলার চেষ্টা করছি। ক্রাউন ওয়্যার প্রাঃ লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. সোহেল রানা জানান, আমরা রবিবার  থেকে কারখানা চালু করেছি। বর্তমানে ৪০ শতাংশ শ্রমিক দিয়ে কাজ চলছে। আমরা সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলছি।

শিল্প পুলিশ ময়মনসিংহ অঞ্চল-৫-এর পুলিশ সুপার (এসপি) মো. সাহেব আলী জানান, ভালুকায় রবিবার থেকে এ পর্যন্ত ৭৮টি কারখানা চালু হয়েছে। আমরা যতটুকু দেখছি তারা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছে। আর করোনায় বেশি আক্রান্ত এলাকা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর  থেকে তাদের কারখানায় শ্রমিক না আনার জন্য আমরা তাদের বলেছি।