নদীভাঙনে ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ নির্মাণকাজ অব্যাহত থাকবে -----পানিসম্পদ উপমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

আসন্ন বর্ষার প্রস্তুতিতে সারাদেশে নদীভাঙনে চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ নির্মাণ ও বাঁধ পুনঃরক্ষার কাজ অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। গতকাল বুধবার সকালে শরীয়তপুরের নড়িয়ার নদীতীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় বাপাউবো অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম) মো. হাবীবুর রহমান, চিফ মনিটরিং তোফায়েল আহমেদ, প্রকল্প পরিচালক আব্দুল হেকিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপমন্ত্রী শামীম বলেন, নিকটবর্তী সময়ে বন্যা আমাদের অন্যতম চ্যালেঞ্জ। করোনা সঙ্কটে সাময়িকভাবে মাঠ পর্যায়ের কাজ স্থগিত থাকলেও বর্ষা সমাগত হওয়ায় এখন দেশের চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভাঙনপ্রবণ এলাকাতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কনট্রাক্টরদের সঙ্গে সমন্বয় করে কাজ অব্যাহত রাখতে হবে। সকলের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, জীবাণুনাশক নিশ্চিত করে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ অব্যাহত রাখতে হবে। মাঠ পর্যায়ে বাপাউবোর কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বলেন, বর্তমানে অদৃশ্য প্রতিপক্ষের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই লড়ছি।