ভোক্তা স্বার্থ ও অধিকার সুরক্ষায় পৃথক কোনো মন্ত্রণালয় নেই। ভোক্তাদের স্বার্থসংক্রান্ত বিষয়গুলো ১৭টি মন্ত্রণালয় ও বিভাগ দেখভাল করে থাকে! ব্যবসায়ীদের স্বার্থরক্ষার দায়িত্বে নিয়োজিত বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি ক্ষুদ্র অধিদপ্তরের মাধ্যমে ভোক্তাদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও, তার যথাযথ সুফল ভোক্তারা পাচ্ছেন না। ভোক্তাদের অধিকার ও সুবিধা প্রদানের গুরু দায়িত্বে রাখা হয়েছে খুদে ব্যবসায়ীদের! বিষয়টি যেন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো। আর তাই তো প্রায়ই নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনসাধারণের পকেট ফাঁকা করা হয়।
পৃথক মন্ত্রণালয় থাকলে দায়িত্বপ্রাপ্তরা অন্তত এ বিষয়ে একক বা যৌথ ভাবে ভোক্তাদের কাছে জবাবদিহির আওতায় থাকতেন বা জবাবদিহি করতেন। তাতে ভোক্তা স্বার্থ ও অধিকার সুরক্ষা পেত বলে মনে করি। যেখানে দেশের সকল মানুষই ভোক্তা, সেখানে তাদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় আলাদা মন্ত্রণালয় গঠন করা এখন সময়ের দাবি।
মো. মোশারফ হোসাইন
নকলা, শেরপুর