চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পচনশীল পণ্যের কনটেইনার দ্রুত নিলামের নির্দেশ

সময়মতো ডেলিভারি না নেওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ইয়ার্ডে দিনের পর দিন পড়ে থাকা পেঁয়াজ-রসুন-আদা, ফলমূলসহ বিভিন্ন ধরনের পচনশীল পণ্যের কন্টেইনার জরুরি ভিত্তিতে নিলামে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার ফখরুল আলম বলেন, বন্দরে ৩০ দিনের অধিক পড়ে থাকা বিভিন্ন পণ্যভর্তি কন্টেইনারের মধ্যে পচনশীল পণ্যভর্তি পণ্যের কন্টেইনার সবার আগে নিলামে তোলার লক্ষ্যে জরুরিভিত্তিতে নিলাম ডাকার জন্য বুধবার নির্দেশ দিয়েছি। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে বন্দরে কন্টেইনার জটের পরিপ্রেক্ষিতে বন্দরে        ৩০ দিনের বেশি সময় ধরে রয়েছে, এমন সব পণ্য নিলামে তোলার জন্য বন্দর কর্তৃপক্ষের পাঠানো একটি তালিকা মঙ্গলবার পেয়েছি। এই তালিকায় পেঁয়াজ-রসুন-আদা, ফলমূল যেমনি রয়েছে, তেমনি রয়েছে আমদানিকৃত রিকন্ডিশনড গাড়িও। তবে পচনশীল পণ্যের জন্য জরুরিভিত্তিতে নিলাম ডাকার নির্দেশ দিয়েছি। কাস্টমস কমিশনার বলেন, গত ২৬ মার্চের আগে নিলাম হওয়া ৯ কন্টেইনার পণ্যের অনুমোদন বুধবার দিয়ে দিয়েছি। এইসব কন্টেইনারের মধ্যে রয়েছে ২ কন্টেইনার ভর্তি ৫০ টন আদা, ৬ কন্টেইনার ভর্তি ১৫০ টন আনারফল এবং ১ কন্টেইনার ভর্তি হ্যান্ডগ্লাভস ও মাস্ক।