সাংবাদিক খোকনের মৃত্যু করোনায় আক্রান্ত হয়েই

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যে মারা যাওয়া সাংবাদিক হুমায়ুন কবির খোকনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলে-মেয়েকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে বলে রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী জানিয়েছেন। ঢাকার উত্তরার ঐ বেসরকারি হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার রাত ১০টার দিকে মৃত্যু     হয় দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক খোকনের। তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তখনই চিকিত্সকরা তার কোভিড-১৯ আক্রান্ত হওয়ার সন্দেহের কথা বলেছিলেন।

আমাদের কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন, বুধবার বেলা ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার রাজা চাপিতলা গ্রামের ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, সাংবাদিক খোকনের জানাজা অনুষ্ঠানে অংশ নিতে এলাকার সর্বস্তরের লোকজনের আগ্রহ থাকলেও করোনার বিষয়টি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট কয়েক জনকে নিয়ে জানাজা শেষ করে দ্রুততম সময়ে দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুরাদনগর আসনের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

খোকনের মৃত্যুতে আইজিপির শোক :খোকনের মৃত্যুতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

খোকনের পরিবারের দায়িত্ব সময়ের আলো কর্তৃপক্ষকে নিতে হবে- ডিইউজে :করোনা যুদ্ধে নিহত সাংবাদিক খোকনের পরিবারের দায়িত্ব নিতে হবে দৈনিক সময়ের আলো কর্তৃপক্ষকে। সরকারকেও পাশে দাঁড়াতে হবে। গতকাল এক বিবৃতিতে এই দাবি  জানান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

বিবৃতিতে ডিইউজে নেতারা বলেন, সংবাদকর্মীদের সুরক্ষা নিশ্চিত না করে কাজ করতে বাধ্য করেছে সময়ের আলো কর্তৃপক্ষ। এই পত্রিকাটির বেশিরভাগ সাংবাদিক ও কর্মচারীদের বাসা থেকে পায়ে হেঁটে অফিস করতে হচ্ছে। রাতে বাসায় পৌঁছানোর গাড়ির ব্যবস্থা থাকলেও সেখানেও গাদাগাদি করে সবাইকে বসতে বাধ্য করা হয়। সাংবাদিক খোন্দকার মোহিতুল ইসলাম রঞ্জুর মৃত্যুতেও শোক জানিয়েছেন ডিইউজে নেতারা।