নিয়ম ভেঙে টিসিবির পণ্য না দেওয়ায়...

গোপালগঞ্জের কাশিয়ানীতে লাইনে না দাঁড়িয়ে উলটো পথে টিসিবির পণ্য চেয়ে না পেয়ে হাতাহাতির পর ডিলারসহ তিন জনকে মারপিট করল আওয়ামী লীগ নেতার লোকজন। গতকাল বুধবার দুপুরে কাশিয়ানী উপজেলা সদরের রেল স্টেশনে টিসিবির পণ্য বিক্রির সময় এ ঘটনা ঘটে। এতে টিসিবির ডিলার মোল্লা আবু জাহিদ, তার পিতা আবু তালেব মোল্লা ও বড়ো ভাই সাঈদ মোল্লা  আহত হয়েছেন। তারা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিত্সা গ্রহণ করেছেন।

 ডিলারের সহকারী জাকির হোসেন জানান, বুধবার সকাল থেকে কাশিয়ানী রেল স্টেশনে টিসিবির তেল, ছোলা, খেজুর, চিনি, ডাল বিক্রি করা হচ্ছিল। সেখানে পুরুষ ও মহিলারা দুই লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছিলেন। আমি লাইনের শৃঙ্খলা বজায় রাখার কাজ করছিলাম। এরমধ্যে ভিআইপিরা এসে উলটোপথে টিসিবির পণ্য নিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে লাইনে দাঁড়িয়ে থাকা নারী-পুরুষ ডিলারের ওপর চড়াও হয়। পরে ডিলার তাদের বুঝিয়ে বলে আবার পণ্য বিক্রি শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কার্যহির্বাহী কমিটির সদস্য কালু মৃধা উলটোপথে টিসিবির পণ্য চান। এতে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন প্রতিবাদ করে। ডিলার তাকে লাইনে             দাঁড়াতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর শুনে আওয়ামী লীগ নেতার ১৫/২০ জন সমর্থক হকিস্টিক, লাঠিসোটা নিয়ে ডিলারের ওপর হামলা চালায়। এতে ডিলার, তার পিতা ও বড়ো ভাই আহত হন। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কালু মৃধা বলেন, ‘আমি সেখানে তেল কিনতে যাই। টাকা জমা দেওয়ার পর ডিলার আওয়ামী লীগ সম্পর্কে অকথ্য ভাষায় কটূক্তি  এবং তারা তিন বাপ-বেটা আমাকে একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে।  পরে আমি সেখান থেকে চলে যাই। এ খবর পেয়ে আমাদের লোকজন এসে তাদের কিলঘুষি মেরেছে বলে শুনেছি।’

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। তাদের নিজেদের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানতে পারি। তার পরও ডিলারকে এ ব্যাপারে থানায় অভিযোগ দিতে বলেছি। কিন্তু বিকাল ৫টা পর্যন্ত থানায় খোঁজ নিয়ে জেনেছি, তারা অভিযোগ দেয়নি।  কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, টিসিবির পণ্য বিক্রিকে কেন্দ্র করে এখানে হাতাহাতির পর হামলার ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা নিয়েছে। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।