হোমনায় রাস্তা থেকে তুলে নিয়ে নারীকে দল বেঁধে ধর্ষণ

কুমিল্লার হোমনায় রাস্তা থেকে তুলে নিয়ে এক নারীকে মাদক সেবন করিয়ে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাছাত্র গ্রেফতার হয়েছে। এ ছাড়াও দিনাজপুরে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দিনাজপুরের স্টাফ রিপোর্টার এবং সংবাদদাতাদের পাঠানো খবর—

হোমনা (কুমিল্লা) : নির্যাতিত নারী সোমবার হোমনা থানায় একটি মামলা করেছেন। মঙ্গলবার পুলিশ ঐ নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। গ্রেফতার চার যুবক হলেন—সজিব ওরফে ডিজে, রুবেল, শরিফ মিয়া ও রিপন। সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, ‘সোমবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।’ জানা যায়, গত দেড় বছর আগে ঐ নারীর স্বামী মারা যান। তার এক ছেলে রয়েছে। গত দুই-তিন মাস ধরে ঐ নারীকে অভিযুক্তরা উত্ত্যক্ত করে আসছিল। রবিবার সন্ধ্যার দিকে ঐ নারী তার শিশুর খাবার কেনার জন্য বাড়ি থেকে বের হলে তারা তাকে অপহরণ করেন। পরে একটি ঘরে নিয়ে আটকে তারা তাকে ইয়াবা সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। সোমবার ভোর পাঁচটার দিকে তাকে রামপুর জোড়া ব্রিজের ওপর ফেলে চলে যায়। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ‘মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করাও হয়েছে।’

গোপালপুর (টাঙ্গাইল) : মধুপুরে গতকাল বুধবার এক বাক্ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমেদ নামে এক কিশোর মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ। রাজু মধুপুর উপজেলার পুন্ডুরা গ্রামের খন্দকার হানিফ মিয়ার ছেলে। সে টেংরী হাফিজিয়া মাদ্রাসার হেফজে কোরআনের শেষ বর্ষের ছাত্র। মধুপুর থানা পুলিশ জানায়, ঘুড়ি উড়ানোর লোভ দেখিয়ে ঐ কিশোরীকে ভুট্টা খেতে ডেকে নিয়ে ধর্ষণ করে রাজু। বিধবা মা ধর্ষণের কথা জানতে পেরে বিচার চাইতে গেলে প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তাদের বাড়িতে দুদিন আটকে রাখে। মধুপুর থানার ওসি তারেক কামাল জানান, ‘ঐ কিশোরীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মেডিক্যাল পরীক্ষার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হবে। মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।’

দিনাজপুর : দিনাজপুর শহরের রাজবাড়ীর কাটাপাড়া এলাকায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। কোতোয়ালি পুলিশ এ ঘটনায় অভিযুক্ত একই এলাকার মনোরঞ্জন রায় ওরফে বল্টু (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে। ধর্ষণের শিকার ঐ নারীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নির্যাতিত নারীর বাবা গতকাল থানায় একটি মামলা করেছেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, ‘সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে দুই-তিন জন মিলে অপহরণ করে নিয়ে যায় মনোরঞ্জন রায়। এরপর রাতে সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের ভুইয়াপাড়া এলাকার ধানখেতে নিয়ে ধর্ষণ করে। নির্যাতিত নারী ও ধর্ষক বল্টুর ডিএনএ টেস্ট করা হয়েছে।’