রংপুরে করোনা জয় করে বাড়ি ফিরলেন ৮০ বছরের বৃদ্ধ

রংপুরে নভেল করোনাকে জয় করে বাড়ি ফিরলেন মোসলেম উদ্দিন নামে ৮০ বছরের এক বৃদ্ধ। গতকাল বুধবার দুপুরে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। গত ৯ দিন ধরে তিনি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের আউলিয়াগঞ্জে তার বাড়ি। মোসলেম উদ্দিনের ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরুন্নবী লাইজু জানান, করোনা আক্রান্ত রোগী ভর্তির সময় যেভাবে ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানানো হয়, সেই একইভাবে ছাড়পত্র দেওয়ার সময়ও ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান কর্মরত চিকিত্সকরা।

তিনি জানান, এক মাস ঢাকায় অবস্থান শেষে গত ১ এপ্রিল রংপুরে ফেরেন মোসলেম উদ্দিন। এসময় তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রংপুরে পৌঁছে নগরীর      খামার মোড়ে জামাইয়ের বাড়িতে ওঠেন। সেখানে থাকা অবস্থায় জ্বর, সর্দি, ও কাশিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে ১৪ এপ্রিল চিকিত্সা নিতে যান মোসলেম উদ্দিন। এসময় তার নমুনা সংগ্রহ করা হয়। ১৬ এপ্রিল করোনা শনাক্ত হলে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে ২০ এপ্রিল সেখান থেকে তাকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে পাঠানো হয়। তিনি আরো জানান, ৯ দিন চিকিত্সাধীন থেকে তার শারীরিক অবস্থার উন্নতি এবং পরপর দুইবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র  দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের প্রথম রোগী এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় মোসলেম উদ্দিনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি চিকিত্সকদের সাহস, আশার সঞ্চার ও অভিজ্ঞতা বৃদ্ধির কথাও ওই চিঠিতে উল্লেখ করা হয়।