সরকারের চাহিদা অনুযায়ী স্বল্পসময়ের মধ্যে করোনা সংকট মোকাবিলায় ২ হাজার চিকিত্সক ও ৫ হাজার নার্স নিয়োগের সুপারিশ চূড়ান্ত করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। আজ বৃহস্পতিবার কমিশনের বিশেষ চূড়ান্ত সুপারিশ অনুমোদন করে জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। পিএসসির সংশ্লিষ্ট সূত্র এতথ্য নিশ্চিত করেছে।
পিএসসির এক দায়িত্বশীল কর্মকর্তা ইত্তেফাককে বলেন, ক্যাডার হিসাবে ২ হাজার চিকিত্সক নিয়োগ পাবেন ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে। ৫ হাজার নার্স নিয়োগ হবে ২০১৮ সালের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে। আজ কমিশন সভায় চিকিত্সক এবং নার্স নিয়োগের সুপারিশ অনুমোদন হতে পারে।
গত বরিবার ৬ হাজার নার্স নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর গত সোমবার ২ হাজার চিকিত্সক নিয়োগের চাহিদা পায় পিএসসি। সরকারের কাছ থেকে চাহিদাপত্র পাওয়ার পরিপ্রেক্ষিতে গত সোমবার থেকে সরকারি কর্ম কমিশনের ক্যাডার এবং নন-ক্যাডার পরীক্ষা শাখার কার্যক্রম বিশেষ ব্যবস্থায় চালু করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। করোনা ঝুঁকির মধ্যে কমিশনের চেয়ারম্যান, সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ফলাফল প্রস্তুত করার জন্য নিয়মিত অফিস করছেন। গত মঙ্গলবার পিএসসি জরুরি সভা ডেকে ৩৯তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে ৫৬৪ জন সুপারিশপ্রাপ্তের তালিকা বাতিল করে। নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা এবার ক্যাডারে যুক্ত হচ্ছেন। করোনা ভাইরাসের বিস্তারের পর চিকিত্সক সংকটের কারণে আক্রান্তদের চিকিত্সা ও অন্যান্য রোগীদের চিকিত্সা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এযাবত্ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন চিকিত্সকরা। বেশ কিছু ডাক্তারকে কোয়ারেন্টাইনে যেতে হয়েছে। এই অবস্থায় গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে পরিস্থিতি মোকাবিলার জন্য নতুন ২ হাজার চিকিত্সক এবং ৬ হাজার নার্স নিয়োগের কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পিএসসিতে চাহিদাপত্র পাঠানো হয়। নতুন চিকিত্সক ও নার্সরা নিয়োগ পেলে করোনা ভাইরাস সংকট মোকাবিলায় কিছুটা গতি আসবে বলে আশা করছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা ইত্তেফাককে বলেন, স্বল্প সময়ের মধ্যে পিএসসি চিকিত্সক ও নার্স নিয়োগের সুপারিশ চূড়ান্ত করতে পারবে তা কল্পনায় ছিল না। জাতির ক্রান্তিলগ্নে দ্রুত সময়ে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় পিএসসির সংশ্লিষ্টদের প্রতি আমরা কৃতজ্ঞ।
চিকিত্সক এবং নার্স নিয়োগের বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, করোনা শুধু জাতীয় নয়, এটি বৈশ্বিক সংকট তৈরি করেছে। সরকারের কাছ থেকে ডাক্তার ও নার্স নিয়োগের চাহিদা পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে নিয়োগের সুপারিশের চেষ্টা চলছে। এজন্য কমিশনের সংশ্লিষ্টরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। নতুন নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত চিকিত্সক ও নার্সরা কাজে যোগ দিলে চলমান সংকটে জাতি উপকৃত হবে।