বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিবিসির এক খবরে বলা হয়েছে, বরিস জনসন ও তার বাগ্দত্তা ক্যারি সায়মন্ডস ছেলে হওয়ার কথা জানিয়েছেন। লন্ডনের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন সায়মন্ডস। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, নবজাতক ও তার মা সুস্থ আছেন। সন্তান জন্ম নেওয়ার পুরো সময় লন্ডনের এনএইচএস হাসপাতালে উপস্থিত ছিলেন বরিস জনসন। যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন। বরিসের পিতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি ছুটি নেবেন না। এনএইচএসের মাতৃত্ব টিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সন্তানের জন্মের পর রাজনৈতিক নেতাদের অভিনন্দন বার্তায় সিক্ত হয়েছেন বরিস দম্পতি। বিশ্ব নেতাদের মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এখন পর্যন্ত বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন। লেবার পার্টির নেতা স্যার কের স্ট্রারমারও অভিনন্দন জানিয়েছেন। বরিস জনসনের বাবা স্টানলি জনসন বলেছেন, নতুন নাতি আসার খবরে তিনি উচ্ছ্বসিত এবং আনন্দিত।