পুলিশসহ আরো আট জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪১

দেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পুলিশের একজন কনস্টেবলসহ আট জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৬৪১ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১০৩ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক মানুষের করোনা পরীক্ষা হয়েছে এবং এতে সর্বোচ্চ রোগী শনাক্ত হলো। এর মধ্য দিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা ৭ হাজার ছাড়াল।

গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরো ৪ হাজার ৯৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৭০১টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরো ৬৪১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১০৩ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরো আট জন। এর মধ্যে একজন পুলিশ সদস্য আছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ঐ পুলিশ সদস্যের নাম জসিম উদ্দিন (৪০)। তার বাড়ি কুমিল্লা জেলায়। গত ২৪ এপ্রিল কনস্টেবল জসিম অসুস্থ হন। ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। গত ২৫ এপ্রিল আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। রিপোর্টে জসিমের করোনা পজিটিভ ধরা পড়ে। জসিম অসুস্থ হলে প্রথমে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। এরপর অবস্থা   খারাপ হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন আরো ১১ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৫০ জন। যারা নতুন করে মারা গেছেন, তাদের মধ্যে ছয় জন পুরুষ এবং দুই জন নারী। ছয় জন ঢাকার বাসিন্দা এবং দুই জন ঢাকার বাইরের। বয়সের দিক থেকে চার জন ষাটোর্ধ্ব, দুই জন পঞ্চাশোর্ধ্ব এবং দুই জন ত্রিশোর্ধ্ব। তিনি বলেন, ২৮ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে এক ভাগ রোগী হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। বাকি তিন ভাগ বাড়িতে থেকে চিকিত্সা নিচ্ছেন। বাড়ি থেকে চিকিত্সা যারা নিচ্ছেন তাদের মধ্যে ৩৮ জন সুস্থ হয়েছেন।  দেশে কোভিড-১৯ এর প্রকোপ বাড়তে থাকায় পরীক্ষার আওতা বাড়ানোর জন্য প্রথমবারের মতো চারটি বেসরকারি হাসপাতালকে করোনা ভাইরাস পরীক্ষা এবং চিকিত্সার অনুমতি দিয়েছে সরকার। এর মধ্যে ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলা), স্কয়ার হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতাল শুধু তাদের ভর্তি রোগীদের নমুনা পরীক্ষা করবে। আর নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বাইরের রোগীদের নমুনাও পরীক্ষা করতে পারবে। অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়ে বলেন, তারা যে নমুনা পরীক্ষা করবেন আমরা তা আগামীকাল (বৃহস্পতিবার) থেকে অথবা যখন তারা কাজ শুরু করবেন তখন থেকে হিসাবে যুক্ত করব। এই চারটি বেসরকারি হাসপাতাল মিলিয়ে দেশে সব মিলিয়ে এখন ২৯টি মেডিক্যাল প্রতিষ্ঠানে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ব্যবস্থা হলো। বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরো ১০৪ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এখন আইসোলেশনে আছেন ১ হাজার ৩৪০ জন।

করোনায় কনস্টেবলের মৃত্যু

আইজিপির শোক : করোনাযুদ্ধে আত্মোত্সর্গকারী ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল জসিম উদ্দিনের অকাল মৃত্যুতে আইজিপি ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবাণীতে আইজিপি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে নিজের জীবন বিপন্ন করে পুলিশ সদস্যরা দেশের জনগণকে সুরক্ষিত রাখতে অহর্নিশ তাদের পাশে  থেকে সেবা দিয়ে যাচ্ছেন। জনগণকে সেবা দিতে গিয়েই বীর পুলিশ সদস্য জসিম করোনাক্রান্ত হয়ে জীবন উত্সর্গ করেছেন। জনসেবায় তার এই আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ গর্বিত। তার আত্মত্যাগ সহকর্মীদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ পুলিশ চিরদিন তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।