অবশেষে ১ হাজার ৬৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুনভাবে এমপিওভুক্তি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পাঁচ স্তরে এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির কোড যুক্ত করে তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিক্ষকরা গত বছরের জুলাই থেকে বেতন ভাতা পাবেন।
চূড়ান্ত অনুমোদিত তালিকার মধ্যে নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৪৩০টি, মাধ্যমিক বিদ্যালয় ৯৯১টি, স্কুল অ্যান্ড কলেজ ৬৮টি, উচ্চ মাধ্যমিক কলেজ ৯২টি এবং ডিগ্রি কলেজ রয়েছে ৫২টি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, প্রজ্ঞাপন জারির পর স্বাভাবিক নিয়মেই শিক্ষক-কর্মচারীদের এমপিও ভুক্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। তবে সব কাজ যেন দ্রুততম সময়ে শেষ হয় সে ব্যাপারে সবাইকে অধিদপ্তর থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। এমপিওভুক্ত দেওয়া স্কুল ও কলেজগুলোর মধ্য থেকে সংশোধিত তালিকায় বাদ পড়েছে ২৪ শিক্ষা প্রতিষ্ঠান তবে গত ২৩ অক্টোবর ঘোষিত শিক্ষামন্ত্রণালয়ের এমপিওভুক্তির তালিকায় মোট ২ হাজার ৭৩০টি প্রতিষ্ঠানের নাম ছিল।
মাউশির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ও উপ-পরিচালক (প্রশাসন) রুহুল আমিন জানান, এখন প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো। প্রতিষ্ঠানের নামে কোড দেওয়া হয়েছে। কিন্তু এখন শিক্ষকদের এমপিওভুক্তির জন্য আবেদন করতে বলা হবে। নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন প্রচলিত নিয়মে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে উপজেলা শিক্ষা অফিসে আবেদন করবেন শিক্ষকরা। সেখানে যাচাই বাছাই শেষে জেলা শিক্ষা অফিসে আবেদনের কপি আসবে। সেখানে যাচাই বাছাই হবে। সব ঠিকঠাক থাকলে শিক্ষকদের তথ্যাদি যাচাই বাছাই শেষে আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হবে। আঞ্চলিক কার্যালয়ে যাচাই শেষে পাঠানো হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে। গেজেট করবে মন্ত্রণালয়।