ঘিওরে ব্রিজ ভেঙে ইছামতিতে

২০ গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া ইছামতি নদীতে গত সোমবার ভেঙে পড়েছে ৩০ বছর আগে নির্মিত একটি ব্রিজ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সংস্কারের অভাবে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। এলজিইডির উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯০-৯২ অর্থবছরে উপজেলা এলজিইডি হিজুলিয়া ইছামতি নদীতে ব্রিজটি নির্মাণ করে। ব্রিজের গোড়ার মাটি সরে যাওয়ায় এবং পিলারের বেশ কিছু ইট ভেঙে পড়ার কারণে ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদপ্তর। বেহাল এ ব্রিজের পাশে নতুন একটি ব্রিজ নির্মাণের উদ্যোগও নেন তারা। ব্রিজ নির্মাণের জন্য এরই মধ্যে মাটি পরীক্ষা ও এর নকশা প্রণয়ন করা হয়েছে।

এলাকাবাসী জানান, ব্রিজ ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ২০ গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে সমস্যায় পড়েন গ্রামগুলোর হাজার-হাজার মানুষ। জানা গেছে, বিগত ৩০ বছরেও ব্রিজটি ভালোভাবে সংস্কার করা হয়নি। রেলিংবিহীন নড়বড়ে ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করত ২০ গ্রামের মানুষ। একসময়ে এলাকার লোকজন নিজেরাই ব্রিজের দুই পাশে বাঁশ দিয়ে রেলিং বানিয়ে নেয়। ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে এই ব্রিজ নিয়ে সংবাদও প্রকাশিত হয়।

ব্রিজ ভেঙে পড়ার পর বর্তমানে এই এলাকার লোকজনকে পাশে তৈরি একটি বাঁশের সাঁকো দিয়ে নদী পার হতে হচ্ছে। তবে যানবাহন চলাচল বন্ধ থাকায় এলাকার ব্যবসায়ীদের বিকল্পভাবে পণ্য পরিবহনে অধিক ভাড়া গুনতে হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সাজ্জাকুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্রিজ তৈরির একটি প্রকল্প গ্রহণ করেছি। এরই মধ্যে সয়েল টেস্টসহ বিভিন্ন প্রক্রিয়া শেষ হয়েছে। দ্রুত টেন্ডার আহ্বান করা হবে। স্থানীয় লোকজন জরুরিভিত্তিতে ব্রিজটি নির্মাণের জন্য সেতুমন্ত্রীসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।