প্রভোস্ট কমিটির সভায় সিদ্ধান্ত
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলা করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে যাদের ছাত্রত্ব নেই তারা থাকতে পারবেন না। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে এবং আবাসিক হলের শিক্ষা ও জীবনমানসহ সামগ্রিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রভোস্ট কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনলাইন ভার্চুয়াল মিটিং প্ল্যাটফরম জুমের মাধ্যমে উপাচার্য ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় খোলার পর শুধু বৈধ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট হলের নীতিমালার আলোকে হলে অবস্থান করবে। যাদের ছাত্রত্ব নেই তারা কোনোক্রমেই হলে অবস্থান করতে পারবে না। তাদেরকে হল প্রশাসন কর্তৃক দেওয়া সময়ের মধ্যে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে সংশ্লিষ্ট কক্ষ/সিট ছেড়ে দিতে হবে। তীব্র আবাসন সংকট নিরসনে এর বিকল্প নেই বলে জানায় কর্তৃপক্ষ।
এতে আরো জানানো হয়, হলের কোনো কক্ষের মেঝেতে কোনো শিক্ষার্থী অবস্থান করতে পারবে না। প্রয়োজনে, যথাযথ নিয়মে, ডাবলিং করতে পারবে; হল প্রশাসন যেসব কক্ষে খাট/বেড নাই ছুটিকালীন সময়ে সেসব কক্ষে নিয়মমাফিক খাট বা বেড সরবরাহ করার ব্যবস্থা নিবেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকাকালীন হল প্রশাসন হলের সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করবে।
গণরুম ব্যবস্থা নিরসনে এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের গড়ে ওঠা কথিত ‘গণরুমের’ অবসান ঘটবে বলে সভায় মত প্রকাশ করা হয়। তবে এই ‘গণরুমের’ অবসান ও ‘যাদের ছাত্রত্ব নেই তাদের হলে অবস্থান না করার’ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর আন্তরিক সহযোগিতা অত্যাবশ্যক বলেও সভায় অভিমত ব্যক্ত করা হয় ।
সভায় উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন সংযুক্ত ছিলেন। সভায় করোনা ভাইরাস-উত্তর সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও হলের সামগ্রিক পরিবেশ নিয়ে আলোচনা হয়। চলমান করোনা পরিস্থিতিতে অনির্দষ্টকালের জন্য বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। একই সঙ্গে আবাসিক হলও বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।