ইত্তেফাক রিপোর্ট
টিভি চ্যানেলে তারাবির নামাজসহ অন্যান্য নামাজ সম্প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। সমপ্রতি কোনো কোনো টিভি চ্যানেলে তারাবি নামাজ সম্প্রচারের মাধ্যমে ইমামকে অনুসরণ করে নিজ নিজ বাসাবাড়িতে তারাবির নামাজ আদায় করার বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে জানিয়ে এই অনুরোধ করা হয়েছে। ইফার মহাপরিচালক আনিস মাহমুদ গতকাল এক বিজ্ঞপ্তিতে বলেন, কোনো টিভি চ্যানেলে সম্প্র্রচারকৃত তারাবি নামাজের ইমাম সাহেবের তেলাওয়াত শুনে ও রুকু-সিজদার অনুসরণে নিজ নিজ বাসাবাড়িতে ইক্তেদা করে তারাবি নামাজ আদায় করা হলে তা কোনোভাবেই সহিহ ও জায়েজ হবে না মর্মে বিশিষ্ট মুফতি ও আলেমরা মতামত প্রদান করেছেন। বিষয়টি অনুধাবন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি পরিহারকল্পে টিভি চ্যানেলে তারাবি নামাজসহ অন্যান্য নামাজ সম্প্র্রচার থেকে বিরত থাকার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। ইফার বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী, জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের সংলগ্নতা (ইত্তেসাল) জামাত ও ইক্তেদা সহিহ হওয়ার অন্যতম প্রধান শর্ত। এটি মানা না হলে নামাজ সহিহ হবে না।