ইত্তেফাক রিপোর্ট
ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন কারাবন্দিদের পাহারার দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত ১২ কারারক্ষী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৯ জন মুগদা, দুই জন কেরানীগঞ্জের ২০ শয্যা ও এক জন মিরপুরের একটি হাসপাতালে চিকিত্সাধীন। ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে এসব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমান জানান, কেরানীগঞ্জ কারাগারে কোনো বন্দি এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হননি। তবে হাসপাতালে চিকিত্সাধীন বন্দির দায়িত্ব পালন করতে গিয়ে কারারক্ষীরা আক্রান্ত হচ্ছেন। তাদের সবার শারীরিক অবস্থা ভালো। এর আগে গত ২২ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কিডনি সংক্রান্ত জটিলতার চিকিত্সা নিতে এসে করোনা আক্রান্ত হন ৬০ বছর বয়সি এক কয়েদি। সাজাপ্রাপ্ত এই ব্যক্তি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।