কাপাসিয়ায় বাসায় থেকে ১৩ জনের করোনা জয়!

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কাপাসিয়ায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৭০ জন। মারা গেছেন এক জন। আক্রান্তদের মধ্যে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকারসহ ১৩ জন তৃতীয় ধাপের পরীক্ষায় নেগেটিভ ফলাফল পাওয়ায় সম্পূর্ণ সুস্থ হয়েছেন। তারা বাসায় থেকে করোনাকে জয় করেছেন। বাকি অধিকাংশ আক্রান্ত ব্যক্তির দ্বিতীয় ধাপের পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। তারাও সুস্থ হওয়ার পথে।

কাপাসিয়ায় আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য বিভাগের ৩৩ জন, একটি কারখানার ১৪ জন শ্রমিক, সিভিল সার্জন অফিসের কর্মচারী দুই জন ও বাকি ২১ জন এলাকাবাসী। দেশে আক্রান্ত চিকিত্সকদের মধ্যে আব্দুস সালাম সরকারই প্রথম যিনি আক্রান্ত হবার পর হাসপাতালে না গিয়ে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিত্সা ও সাধারণ নিয়ম মেনে তৃতীয় ধাপের পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। তিনি গতকাল বুধবার আইইডিসিআর থেকে তৃতীয় ধাপে নেগেটিভ ফলাফল জানতে পেরেছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কাপাসিয়া স্বাস্থ্য বিভাগের করোনা আক্রান্ত বাকি ৩২ জনকে হাসপাতালের পাশে নার্সিং কলেজে আইসোলেশনে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ২৬ জনের দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।