রাণীনগরে সেবিকাসহ ৬জন করোনায় আক্রান্ত

নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন সেবিকাসহ ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় প্রথম রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকা গত ২৩ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এতে করে উপজেলায় করোনা আতঙ্ক সৃষ্টি হয়েছে।

গত কয়েকদিনে ওই সেবিকার পরিবারের সদস্য ও হাসপাতালের অন্যান্য সদস্যসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মোট ৮৫জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার সেই পরীক্ষার মধ্যে ৫জনের প্রতিবেদন করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে আক্রান্ত ওই সেবিকার স্বামী, অপর একজন সেবিকা, এ্যাম্বুলেন্স চালক, উপজেলার খট্টেশ্বর ও বিল পালসা গ্রামের ২জন ঢাকা ফেরতসহ মোট ৫জনের প্রতিবেদন পজেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর)।  তিনি জানান, অবশিষ্ট পরীক্ষার ফলাফল হাতে এলেই জানা যাবে যে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কি না।

এদিকে জেলার ১১টি উপজেলার মধ্যে রাণীনগর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে প্রতিটি মানুষের মাঝে। অপরদিকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সব মানুষরা এলাকায় এসেছে তারা সঠিক ভাবে স্বাস্থ্যবিধি না মানায় এলাকায় করোনার সংক্রমণ বাড়ছে।
 
এদিকে ঢাকা ফেরত খাগড়াগ্রামের এক ব্যক্তিকে তার গ্রামে ঢুকতে দেওয়া না হলে তিনি শ্বশুড়বাড়ি বিল পালশাগ্রামে যান। সেখানে তার শরীরে জ্বর, সর্দি,কাশি দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরমধ্যে তিনি তার স্ত্রীকে সন্তান প্রসব করার জন্য মঙ্গলবার থেকে জেলা সদরের একটি ক্লিনিকে আসা-যাওয়া করছেন। বুধবার সকালে পরীক্ষার প্রতিবেদনে তার করোনা পজেটিভ আসে। এরপর থেকে তাকে খুঁজে না পেলে বুধবার বিকেলে সদর থানার পুলিশ মোস্তাফিজুরকে নওগাঁ শহরের লিটন ব্রিজের উপর থেকে আটক করে রাণীনগর উপজেলার বিলপালশা তার শ্বশুড়বাড়িতে রেখে আসেন। সেখানে রেখে আসার পর গ্রামবাসীর তোপের মুখে রয়েছেন বলে মোস্তাফিজুর মুঠোফোনে জানান।

অপরদিকে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলমের নিজ উদ্যোগে রাণীনগর ও আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীদের করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য সার্জিক্যাল মাস্ক, ক্যাপসহ অন্যান্য সুরক্ষা সরঞ্জাম  বিতরণ করেছেন।

ইত্তেফাক/এমআরএম