খুলনা অফিস
চারটি ক্যাটাগরিতে সেরা ৭৭ জন করদাতাকে সম্মাননা জানালো কর অঞ্চল-খুলনা। সোমবার নগরীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সেরা করদাতাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। কর অঞ্চল-খুলনার আওতাধীন খুলনা সিটি করপোরেশন ও ১০ জেলার সেরা করদাতাদের এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, এক সময় বাংলাদেশের বাজেট ছিলো পরনির্ভরশীল। কিন্তু বর্তমান বাজেটের ৯০ শতাংশ আসে নিজস্ব আয় থেকে। এ ক্ষেত্রে করদাতাদের অপরিসীম অবদান রয়েছে। এই সম্মাননা করদাতাদের আরো উত্সাহিত করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় রাজম্ব বোর্ডের সদস্য কালিপদ হালদার, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, কর আপিল অঞ্চল খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. মোস্তবা আলী এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-খুলনার কর কমিশনার মো. জাহাঙ্গীর আলম। স্বাগত জানান যুগ্ম কর কমিশনার মোঃ মঞ্জুর আলম। করদাতাদের পক্ষে মো. ওয়াহিদুজ্জামান এবং ওয়াসির ফরহাদ জামান তাদের অনুভূতি ব্যক্ত করেন।