ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে করোনা ভাইরাস সংকটের মধ্যে ধান কাটা নিয়ে বিপাকে পড়া কৃষকের সহযোগী হয়ে মাঠে নেমেছে কৃষক লীগ। বিভিন্ন এলাকায় দল বেঁধে সংগঠনটির নেতা-কর্মীরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার ইসলামপুর গ্রামের কৃষক বাবুল মিয়া ও গিয়াস উদ্দিনের দুটি জমির ধান কেটে ঘরে তোলে দিয়েছেন নেতা-কর্মীরা।
করোনা ভাইরাস সংক্রামক হওয়ার কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চলছে সরকার ঘোষিত ছুটি। এপ্রিল থেকে মে মাস হলো বোরো ধান তোলার সময়। কিন্তু শ্রমিক সংকটের কারণে ধান কাটতে বিপাকে পড়েছেন কৃষকরা ।
এ অবস্থায় কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক অর্থ সম্পাদক আলহাজ্ব নাজির মিয়ার নেতৃত্বে ৪০-৫০ জনের একটি টিম উপজেলার বুধন্তি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকের ধান কেটে তাদের ঘরে তুলে দিচ্ছেন।
আরো পড়ুন: মেঘনায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ
এ ব্যাপারে কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক অর্থ সম্পাদক আলহাজ্ব নাজির মিয়া বলেন, ‘সোনালী ধান যখন কৃষকরা ঘরে নিতে পারছেন না তখন কাস্তে হাতে ধান কাটতে নেমেছে নেতা-কর্মীরা এবং মাথায় করে বয়ে নিয়ে তুলে দিচ্ছেন কৃষকের ঘরে। জননেত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় কৃষক লীগের নির্দেশনায় আমরা অসহায় কৃষকদের ধান কেটে দেওয়ার এই উদ্যোগকে চলমান রাখছি। শ্রমিক সংকটে কেউ ধান কাটতে না পারলে আমাদের সাথে যোগাযোগ করলে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এছাড়া কৃষকদের আর্থিক সহযোগিতা করা হবে।’
ইত্তেফাক/এএএম