গাজীপুরে ভোট কেন্দ্রের বাইরে সন্ত্রাসী হামলা, যুবলীগ নেতা নিহত

গাজীপুর মহনগরের হাড়িনাল এলাকায় রবিবার দুপুরে নির্বাচনী সহিংস ঘটনায় যুবলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর তিনজন। নিহতের নাম মো. লিয়াকত হোসেন (৪০)। তিনি কাজী আজিম উদ্দিন কলেজের ছাত্রলীগের সাবেক ভিপি ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাতি মাসুদ রানা এরশাদের বড় ভাই। 

আহতরা হলেন, নিহত লিয়াকতের বন্ধু স্থানীয় যুবলীগ কর্মী মো. আশরাফ (৪০), স্থানীয় আওয়ামী লীগ কর্মী খায়রুল ইসলাম (৪০) ও গনি মিয়া (৪২)। 

মহানগর আওয়ামী লীগের সদস্য মো. রফিজ উদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে ৪০-৫০ জনের একদল যুবক লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে মহানগরের গাজীপুর সরকারি মহিলা কলেজ গেইট, কাজী আজিম উদ্দিন কলেজ ও আশেপাশে এলাকায় ত্রাস সৃষ্টি করে। পরে তারা স্থানীয় হাড়িনাল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে বসে থাকা আওয়ামী নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ওই চারজন আহত হন। তাদেরকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে গুরুত্বর আহত দুইজনকে উত্তরার একটি হাসপাতালে পাঠোনো হলে সেখানে লিয়াকত মারা যান।

আরও পড়ুনঃ সারাদেশে নির্বাচনী সহিংসতায় ১৪ জনের প্রাণহানি

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে লিয়াকত হোসেন বুকে ও ডান হাতে, আশরাফ  এবং খায়রুলের মাথায় গুরুতর জখম হন। গুরুতর অবস্থায় লিয়াকত এবং আশরাফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।খবর পেয়ে নৌকা প্রতিকের প্রার্থী জাহিদ আহসান রাসেল এমপি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানসহ দলীয় নেতাকর্মীরা আহতদের দেখতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। 

এ ব্যাপার গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ সমীর চন্দ্র সূত্রধর জানান, হতাহতের ঘটনাটি পূর্ব শত্রুতা, না-কি নির্বাচনী সহিংসতা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। 

ইত্তেফাক/কেকে