করোনা নয় নিউমোথোরাক্সে মারা যান রাজশাহীর সেই বৃদ্ধ

করোনায় নয়, রাজশাহীতে ‘করোনায় প্রথম মৃত’ হিসেবে চিহ্নিত বাঘা উপজেলার আব্দুস সোবহান (৮০) ফুসফুসের রোগ নিউমোথোরাক্সে আক্রান্ত হয়ে মারা যান। বিষয়টি রামেক হাসপাতালের করোনা চিকিৎসায় গঠিত কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. আজিজুল হক নিশ্চিত করেছেন।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, গত ২৬ এপ্রিল সকালে রাজশাহীর বাঘা উপজেলার ৮০ বছরের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ফুসফুসের রোগ নিউমোথোরাক্সে।

ডা. আজিজুল হক জানান, কলেজের ভাইরোলজি বিভাগে স্থাপিত করোনা ল্যাবরেটরিতে রোগীর মৃত্যুর আগের দিন নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। পরদিন সকালে ফলাফলে কোভিড-১৯ নেগেটিভ আসে। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ ওইদিন রোগীর দ্বিতীয় দফায় সংগৃহীত নমুনার রিপোর্ট প্রকাশ করেনি। যদিও আগের নমুনার রিপোর্টের ভিত্তিতে রাজশাহী জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয় থেকে গণমাধ্যমকে জানানো হয়েছিল এটাই রাজশাহীতে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা। তবে মৃত্যুর ছয় দিন আগে একই ল্যাবে নমুনা পরীক্ষায় রিপোর্ট এসেছিল তার করোনা পজিটিভ।

আরও পড়ুন: ময়মনসিংহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

সূত্র জানায়, ২৩ এপ্রিল রোগীর সঙ্গে দুই সপ্তাহ আগে থেকে সার্বক্ষণিক থাকা তার স্ত্রী ও ছেলের করোনার নমুনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ আসে। এরপর তখন হাসপাতাল কর্তৃপক্ষ আবারো ওই রোগীর করোনার নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেয়। ২৫ এপ্রিল রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এদিন তার করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। পরদিন সকালে রোগী মারা যান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য গণমাধ্যম এমনকি বিভাগীয়, জেলা ও স্বাস্থ্য প্রশাসনকে যথাসময়ে অবগত করেনি বলে জানা যায়। 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর সিভিল সার্জন ডা. মো. এনামুল হক বলেন, ওই রোগির দ্বিতীয়বার করোনার নমুনা পরীক্ষা ও রিপোর্ট নেগেটিভ হওয়ার বিষয়টি তাকে জানানো হয়নি।

ইত্তেফাক/এসি