মেহেরপুর সদরে প্রথম ও রংপুর সদরে নতুন করে আক্রান্ত

মেহেরপুর সদর উপজেলায় প্রথমবারের মত করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি (৩৫) শহরের একজন চিকিৎসকের সিরিয়াল এসিসট্যান্ট হিসেবে কাজ করতেন।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানানা, মোট ২১ জনের নমুনা পরীক্ষা করে একজনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তের বাড়ি উপজেলার বুড়িপোতা ইউনিয়নে। ইতিমধ্যে তার বাড়ি লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে থাকা চিকিৎসককে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। এনিয়ে মেহেরপুর জেলায় তিনজনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হলো। 

অপরদিকে  রংপুরে সোনালী ব্যাংকের রংপুর বাজার শাখায় কর্মরত আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ওই ব্যাংকের ৬ কর্মকর্তা ও দুই কর্মচারীসহ আটজন করোনায় আক্রান্ত হলেন।

আরও পড়ুন: ছাগলে ক্ষেত খাওয়ায় রণক্ষেত্র, নিহত ১ আহত ১২

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় রংপুর বিভাগের ৪ জেলায় নতুন করে ১১ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত করা হয়।

এছাড়া নীলফামারীর সদর ও ডিমলা উপজেলায় একজন করে এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

ইত্তেফাক/এসি