ঝগড়া থামাতে গিয়ে নারীর লাঠির আঘাতে যুবকের মৃত্যু

রাজশাহীতে ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী নারীর লাঠির আঘাতে ইসমাইল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ইসমাইল হোসেন (৪৫) নগরীর মতিহার থানার ধরমপুর মধ্যপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে। বাড়ি। পেশায় তিনি একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। তাকে আঘাতে অভিযুক্ত রিনা বেগমকে (২৫) পুলিশ গ্রেফতার করেছে। তিনি ওই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, শুক্রবার দুপুরে আকিকার মাংস বিতরণ নিয়ে রিনা বেগম তার মা সেলিনা বেগমের সঙ্গে ঝগড়া করছিলেন। তখন প্রতিবেশী ইসমাইল হোসেন মা-মেয়ের ঝগড়া থামাতে যান। এতেই ক্ষিপ্ত হয়ে রিনা লাঠি দিয়ে ইসমাইলের মাথায় আঘাত করেন।

ওসি বলেন, তুচ্ছ ঘটনা, সামান্য আঘাত। এতেই ইসমাইল গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মৃতের ছেলে জাহিদ আলম বাদী হয়ে থানায় রিনা বেগমকে একমাত্র আসামি করে শনিবার সকালে এজাহার দাখিল করেন। অভিযোগ পাওয়ার পরই আসামি রিনা বেগমকেও গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আর রামেকের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

ইত্তেফাক/বিএএফ