চীনে গত ২৪ ঘণ্টায় মাত্র একজন করোনা রোগী শনাক্ত

প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে এনেছে দেশটি। চীনে গত ২৪ ঘণ্টায় মাত্র একজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আর নতুন করে করোনায় দেশটিতে কোন প্রাণহানি ঘটে নি।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানায়, একদিনে করোনায় একজন আক্রান্ত হলেও মারা যায় নি কেউ। ফলে দেশটিতে মৃতের সংখ্যা আগের ৪ হাজার ৬৩৩ জনেই রয়েছে। 

শুক্রবার পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে করোনা আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৮৭৫। তবে তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৭ হাজার ৬৮৫ জন। এছাড়া শুক্রবার একজনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তিনি বিদেশ থেকে ফিরেছেন। আর স্থানীয়ভাবে নতুন করে কোনো সংক্রমণ নেই। 

আরও পড়ুন: এবার করোনায় আক্রান্ত রাশিয়ার আরও দুই মন্ত্রী

দেশটিতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬৭১ জন বিদেশ ফেরত ব্যক্তির শরীরে করোনা ধরা পড়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। করোনা ভাইরাসের প্রাণকেন্দ্র হুবেই প্রদেশের রাজধানী উহানে গত ২৮ দিনের মতো নতুন করে কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। এএফপি।

ইত্তেফাক/আরআই