২৫৫নং কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে পঞ্চমবারের মতো জাতীয় সংসদের সদস্য হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের অধ্যাপক মো. আলী আশরাফ। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার।
এই আসনে মোট ৮৩ কেন্দ্রের মধ্যে ৮২টির ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত অধ্যাপক আলী আশরাফ প্রার্থী নৌকা প্রতীকে ১ লাখ ৮৮ হাজার ৬ শ ৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোট প্রার্থী ধানের শীষ প্রতীকে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ১৫ হাজার ৮ শ ৯১ ভোট পেয়েছেন। চান্দিনা আসনে মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ৫ শ ১৫ জন।
উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত চান্দিনা উপজেলার ৮৩টি কেন্দ্রের ৮২টিতে ভোটগ্রহণ হয়। পৌরসভার পশ্চিম বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহতের ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন সহকারি রিটার্নিং অফিসার এসএম জাকারিয়া। কিন্তু ওই কেন্দ্রের মোট ভোটের চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে থাকায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।
আরো পড়ুন: চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর যাবেন এরশাদ
অধ্যাপক মো. আলী আশরাফ এর আগে ১৯৭৩, ১৯৯৬, ২০০৮ সালে নির্বাচিত হন। এছাড়া ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবার সংসদ সদস্য হন।
ইত্তেফাক/কেআই