বড় পর্দা ও তিন ক্যামেরার স্মার্টফোন আনছে ওয়ালটন

করোনাভাইরাস দুযোর্গের মধ্যে তিন ক্যামেরার নতুন স্মার্টফোন বাজারে ছাড়ছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। বড় পর্দার ফোনটির মডেল ‘প্রিমো এনফোর’। আকর্ষণীয় ডিজাইনের ফোনটি রেইনবো ব্ল্যাক এবং সি গ্রিন দুটি ভিন্ন রঙে বাজারে আসবে। পিএমএমএ ম্যাটেরিয়ালে তৈরি রেইনবো ব্ল্যাক রঙের ফোনটির ব্যাককভার আলোতে রঙধনুর মতো বিভিন্ন রঙ ধারণ করবে। যা ফোনটিকে আরো মনোমুগ্ধকর করে তুলবে। এছাড়া সাধারণ প্লাস্টিক ম্যাটেরিয়াল থেকে অনেক কম স্ক্র্যাচ পড়বে। ওয়ালটন মোবাইল ফোনের হেড অব সেলস আসিফুর রহমান খান জানান, চলতি মে মাসের প্রথম সপ্তাহে অনলাইনে ফোনটির প্রি-অর্ডার বা আগাম ফরমাশ নেয়া শুরু হবে। প্রি-অর্ডারে থাকবে হোম ডেলিভারিসহ আকর্ষণীয় অফার। ৩জিবি র্যাম ও ৩২জিবি রম এবং ৪জিবি র্যাম ও ৬৪জিবি রমের দুটি ভার্সনে ফোনটি বাজারে আসবে। এখনো ফোনের দাম নির্ধারিত হয়নি। তবে বাজারের অন্যান্য ফোনের তুলনায় এটি সাশ্রয়ী মূল্যের হবে। ‘এনফোর’ মডেলের এই স্মার্টফোনে ব্যবহূত হয়েছে ৬.৫ ইঞ্চির ইন-সেল এইচডি প্লাস ১৯:৯ রেশিওর নচ আইপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল।   উল্লেখযোগ্য ফিচারগুলো হলো অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ২.০ গিগাহার্জ গতির অক্টাকোর এআরএম কোর্টেক্স-এ৫৩ প্রসেসর, মালি-জি৭১ এমপি২ গ্রাফিক্স, এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির ১৬, ৮ এবং ২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা।