বিনোদন রিপোর্ট
বিটিভিতে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ঢাকার সাভার ইপিজেডের সামনে ধারণ করা ইত্যাদির একটি বিশেষ পর্ব। কয়েক হাজার শ্রমজীবী দর্শক নিয়ে ২০১৩ সালে পুরাতন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার অভ্যন্তরে অনুষ্ঠানটি ধারণ করা হয়। ইপিজেডের শ্রমিকদের মধ্যে সেদিন এক উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অবাক বিস্ময়ে তারা উপভোগ করেন তাদের প্রিয় ইত্যাদি তাদেরই কর্ম আঙিনায়। শ্রমজীবী মানুষের চেতনায় ভাস্বর মহান মে দিবসের এই মাসে প্রচারিত ইত্যাদির এই পর্বটি উত্সর্গ করা হয় শ্রমজীবী মানুষের উদ্দেশ্যে।
বিষয়-বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশকিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। এবারের পর্বে রয়েছে চট্টগ্রামের বোয়ালখালীর রক্তদাতা আশীষ কান্তি মুহুরির ওপর একটি মানবিক প্রতিবেদন। রয়েছে মামা-ভাগ্নে, নানি-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।