বিশ্বজুড়ে উন্মুক্ত ‘দাগ’

আয়ের অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের তহবিলে

বিনোদন রিপোর্ট

 

করোনা ভাইরাসের ক্ষতিগ্রস্ত অসহায় ও দিনমজুরদের সাহায্যার্থে তহবিল গঠনে স্বতন্ত্র ধারার সিনেমা নির্মাতারা ‘ফিল্ম ফর হিউম্যানিটি’ শিরোনামের একটি উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে অনলাইনে চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে তহবিল সংগ্রহ করা হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে অন্তর্জালে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দাগ’। ছবিটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত।

আন্তর্জাতিক প্লাটফর্ম ভিমিয়োতে গত ১ মে থেকে দেখা যাচ্ছে ছবিটি। এতে অন ডিমান্ড রেন্টাল সিস্টেমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে এটি দেখা যাচ্ছে। এর মূল্য দিতে হচ্ছে মাত্র ১ ডলার।

এর আগে ২০১৭ সালের মে মাসে ৭০তম কান চলচ্চিত্র উত্সবের শর্টফিল্ম কর্ণারে অংশ নেয় জসীম আহমেদ পরিচালিত ‘দাগ’। এতদিন ছবিটি কিছু কিছু দেশে উন্মুক্ত থাকলেও এবার বিশ্বের সবার জন্যই উন্মুক্ত। ছবিটি প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পেপল অ্যাকাউন্টে যুক্ত হবে। তাদের অ্যাকাউন্ট ভিমিয়ো পেজের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে।