স্পোর্টস রিপোর্টার
গত বছর ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ের পরদিনই (জুলাই, ২০১৯) রাশিয়ার ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছিল, ক্রিকেটকে দেশটির খেলাধুলার ইভেন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এরপর পেরিয়েছে ১১ মাস। অবস্থান বদলেছে দেশটির। ইউরোপিয়ান ক্রিকেট নেটওয়ার্ক জানাচ্ছে, আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে নিজেদের মূল খেলাধুলার অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। গত ১ মে রাশিয়ায় এই স্বীকৃতি পায় ক্রিকেট।
ক্রিকেট রাশিয়ার সভাপতি অশ্বিনি চোপড়া ইউরোপিয়ান ক্রিকেট নেটওয়ার্ককে বলেছেন, ‘রাশিয়ার ক্রিকেটের জন্য অসাধারণ একটি দিন আজ। অনেক বড়ো অর্জন এটি। এই সিদ্ধান্ত দেশের ক্রিকেটকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’
তিনি আরো বলেন, ‘এই সিদ্ধান্ত রাশিয়ায় ক্রিকেট ছড়িয়ে দেওয়ায় আমাদের চেষ্টাকে আরো বেগবান করবে।’
ইউরোপিয়ান ক্রিকেট লিগের (ইসিএল) প্রতিষ্ঠাতা সদস্য ক্রিকেট রাশিয়া। করোনার কারণে স্থগিত হওয়া লিগে রাশিয়ার দুটি দল ছিল। সেন্ট পিটার্সবার্গ লায়ন্স, রাশিয়া ইসিএল১৯ এবং নতুন করে মস্কো ফক্সেস নাম লেখাচ্ছে টুর্নামেন্টে।
২০০৪ সালে বোর্ডের নামকরণ করা হয় ক্রিকেট রাশিয়া। ২০১২ সালে আইসিসির সহযোগী সদস্য হয় রাশিয়া। তার আগে নব্বইয়ের দশক থেকে রাশিয়ায় ক্রিকেট বিস্তারে কাজ করে আসছে অশ্বিনি চোপড়া।
অবশ্য দেশটির ক্রিকেট ইতিহাস শতবর্ষ পুরনো। ১৮৭০ সালের দিকে ব্রিটিশদের হাত ধরে রাশিয়াতে প্রথম ক্রিকেট খেলা শুরু হয়। ১৯১৭ সালে রুশ বিপ্লবের পর ক্রিকেট বন্ধ হয়ে যায় রাশিয়ায়। কমিউনিস্ট নেতারা ক্রিকেটকে বিস্মৃত হতে দেননি।