স্পোর্টস ডেস্ক
ক্রিকেটাররা যে যেভাবে পারছেন, করোনা ভাইরাস প্রতিরোধে সামিল হচ্ছেন। এবার এগিয়ে এলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্শেল গিবস।
নিজের ব্যাট নিলামে তুলছেন। ১৪ বছর আগে তার এই ব্যাটেই উঠেছিল ঝড়। ওয়ানডেতে ৪০০ রান তাড়া করে স্মরণীয় এক জয় পেয়েছিল হার্শেল গিবসের দল। টুইটারে নিলামের ঘোষণা দেন এই প্রোটিয়া। জানান গেল ১৪ বছর খুব যত্ন করে ব্যাটটা আগলে রেখেছিলেন তিনি।
২০০৬ সালের মার্চে জোহানেসবার্গের সেই ম্যাচে ৪৩৫ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা জিতেছিল ১ উইকেটে, ১ বল হাতে রেখে। ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের সেই রেকর্ড টিকে আছে এখনও। ১১১ বলে ১৭৫ রান করে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ছিলেন গিবস। তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি সাজানো ছিল ২১ চার ও ৭ ছক্কায়।