মমতাকে তোপ রাজ্যপালের
করোনা নিয়ে রাজ্য তথ্য গোপন করছে বলে অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এ নিয়ে সরাসরি তোপ দেগেছেন তিনি। রাজ্যপালের বক্তব্য: কোভিড-১৯ নিয়ে তথ্য ধাপাচাপা দেওয়ার বদলে মুখ্যমন্ত্রী স্বচ্ছভাবে সবকিছু প্রকাশ করুন। -আনন্দবাজার পত্রিকা
করোনার পরিসংখ্যান নিয়ে রাজ্যের বিরুদ্ধে গরমিলের অভিযোগ তুলে শনিবার টুইটারে রাজ্যপাল লেখেন, ‘৩০ এপ্রিল স্বাস্থ্য দফতরের বুলেটিনে ৫৭২ জন সক্রিয় করোনা আক্রান্তের উল্লেখ ছিল। আবার কেন্দ্রকে জানানো হয়েছে, রাজ্যে ৯৩১ জন আক্রান্ত। মৃত এবং রোগমুক্তদের ধরলেও ৫৭২ এবং ৯৩১-এর মধ্যেকার এই ব্যবধান মেলানো সম্ভব নয়। ১ মে কোনো বুলেটিনই দেওয়া হয়নি।’ রাজ্যপাল যে প্রসঙ্গ তুলে রাজ্যকে আক্রমণ করেছেন, তার উত্স কেন্দ্রকে রাজ্যের পাঠানো একটি চিঠি ও তার সঙ্গে জুড়ে দেওয়া পরিসংখ্যান। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সুদান করোনা মোকাবিলায় কোন্ রাজ্যের কোন্ জেলা কোন্ জোনের অন্তর্ভুক্ত তার তালিকা প্রত্যেক রাজ্যের মুখ্যসচিবকে পাঠান। এর পরেই এ রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবকে একটি চিঠি পাঠান।